নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে হঠাৎ করে আলোচনায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বাবা আলহাজ আতাউর রহমান খান! তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন এমন আলোচনা এখন ঘাটাইলের টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত না হলেও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আতাউর রহমান খানের মনোনয়ন প্রায় চুড়ান্ত এমন আলোচনায় হঠাৎ সড়গরম হয়ে ওঠেছে নির্বাচনী মাঠ।
আতাউর রহমান খান আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন এমন সংবাদটি মুহুর্তের মধ্যে ঘাটাইলে টক অব দ্যা টাউনে পরিনত হলে স্থানীয় সাংবাদিকদের কাছে বিভিন্ন স্থান থেকে ফোন আসতে থাকে। রানার বাবা নিশ্চিত মনোনয়ন পাচ্ছেন এমন ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিষয়টি আলোচিত হওয়ায় এমপি রানার অনুসারীদের মধ্যে উৎফুল্ল ভাব লক্ষ্য করা গেছে।
আতাউর রহমান খানের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, এটা সম্পূনই দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি জনসমর্থন বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা তার হাতেই নৌকা প্রতীক তুলে দিবেন।
দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সাথে কথা বললে তারাও আতাউর রহমান খানের মনোনয়ন মোটামোটি নিশ্চিত মত প্রকাশ করলেও চুড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বলে জানান।
আতাউর রহমান খান অবসরপ্রাপ্ত একজন ব্যাংকার। তাঁর বড় ভাই প্রয়াত এডভোকেট শামসুর রহমান খান শাহজাহান এ আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদকও ছিলেন।
আলহাজ আতাউর রহমান খানের ছেলে আমানুর রহমান খান রানা ২০১২ সালে উপ নির্বাচনে এমপি এবং ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় এমপি হন। বর্তমানে তিনি টাঙ্গাইলের আলোচিত আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামী হয়ে কাশিমপুর কারাগারে অন্তরীন রয়েছেন।
গত শনিবার (১০ নভেম্বর) সকালে আমানুর রহমান খান রানার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শহিদুল ইসলাম খান হেস্টিং ও সংসদ সদস্যর এপিএস আসিফ সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন আতোয়ার রহমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ রাজীব, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুনসহ সমর্থকরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
