ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত উপজেলা খাদ্য পরিদর্শক সুখরঞ্জন হালদার (৫৮) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৫ টায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘাটাইল উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, খাদ্য পরিদর্শক সুখরঞ্জন হালদার (৫৮) ঘাটাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে খাদ্য পরিদর্শক হিসেবে গত আট মাস আগে যোগদান করেন। তিনি দীর্ঘদিন ঢাকার তেজগাঁও সিএসডিতে চাকুরী করেছেন।
তিনি আরও বলেন, তার স্ত্রী, সন্তানরা তেজগাঁও সিএসডির সরকারি কলোনিতে বসবাস করেন। গত ১৩ জুলাই করোনা উপসর্গ নিয়ে তিনি ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে দেয়া নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৫ টায় মারা যান।
জানা যায়, তার স্ত্রী দীনা রানী হালদার ঢাকার তেজগাঁও ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে কর্মরত। দুই মেয়ের একজন হলিক্রস কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত, অপরজন তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সুখরঞ্জন হালদারের গ্রামের বাড়ী বরিশাল জেলায়। তাকে সেখানেই সৎকার করা হবে বলে তার পরিবার সুত্র নিশ্চিত করেছেন।

