Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইল পৌরসভায় নৌকার মনোনীত প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী রশিদ বিজয়ী 

News Tangail

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মিয়া (নারিকেল গাছ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পান ৬ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী মনজুরুল হক (জগ) পান ৪ হাজার ৩২৮ ভোট। অপরদিকে বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান খান শহীদ (নৌকা) তৃতীয় হন। তিনি পান ৪ হাজার ৩২৫ ভোট।

রোববার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনে ৭০ ভাগ ভোট কাস্টিং হয়েছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে প্রথমবারের মতো ঘাটাইল পৌরসভা নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করেন। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান খান শহীদ (নৌকা), জাকের পার্টির প্রার্থী শরীফুল ইসলাম (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মিয়া (নারিকেল গাছ) ও মনজুরুল হক (জগ)। এছাড়া নির্বাচনে ২৫ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ঘাটাইল পৌরসভা নির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছে। এরমধ্যে কাউন্সিলর প্রার্থী আবু হায়দার লিটন সরকার (বোতল) প্রতীকের এজেন্ট ও প্রার্থীর ছোট ভাই টিটু সরকারসহ দুইজন আহত হয়েছে।

এতে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত থাকে ওই কেন্দ্রে। উপজেলার দারুস সুন্নাহ হাফিজিয়া ও নুরানী মাদরাসা এবং এতিমখানা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version