রেজাউল করিম রাজু, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে চলতিপথে বাস থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়েছে গেছে বিনিময় পরিবহন একটি যাত্রীবাহী বাস। রবিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৮টার দিকে অজ্ঞাত ব্যক্তিটিকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বাসটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ চলন্ত অবস্থায় এক ব্যক্তিকে সড়কে ফেলে রেখে বেপরোয়া গতিতে পালিয়ে যায়। পরে ঘাটাইল থানা পুলিশকে অবগত করলে পুলিশ দ্রুত পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার (২১ নভেম্বর) সকালে ঘাটাইল থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম জানিয়েছেন, এখনো মরদেহের পরিচয় মেলেনি।ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, রবিবার রাতে বিনিময় পরিবহনের একটি বাস থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ ঘাটাইল বাসস্ট্যান্ডে ফেলে রেখে গেছে এমন খবরে মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় শনাক্ত ও বিনিময় পরিবহনের বাসটি আটক করতে পুলিশ কাজ করছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
