Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

‘চাঁদা’ দাবি নিয়ে ডুয়েট ছাত্রলীগের দ্বন্দ্ব

নিউজ ডেস্কঃ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার ঠিকানা হিসেবে পরিচিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

সোমবার (২১ মে) সন্ধ্যায় মহানগরীর শিমুলতলীস্থ ডুয়েটের প্রধান ফটকের সামনের ‘হেলাল ফটোকপি’ ও ‘প্রিন্স ফটোকপি’ দোকান থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডুয়েটের কয়েক শিক্ষার্থী যোগফলকে জানায়, ‘ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি তাইবুর রহমান ও সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী গ্রুপের মধ্যে ওই ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্ব বাদে। এক পর্যায়ে সভাপতি গ্রুপের ফারুক, নিউটন, কাউসার, কারীমুল্লাহ, নাহিদসহ কয়েকজন একই কমিটির সাধারণ সম্পাদক গ্রুপের ওয়াফিক, মিঠুন, সোহান, সাদ্দাম, আশীষ ও তানিমসহ আরও ৫-৬ জনকে বেধড়ক পিটায়।’

তাদের অভিযোগ, “ডুয়েট ছাত্রলীগের সভাপতি তাইবুর রহমান ২০১৩ সালে শাপলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ছাত্রদলের কর্মীসভায় ডুয়েট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিল।”

সাধারণ শিক্ষার্থীরা জানান, “দুই গ্রুপের হাতেই রামদা, চাপাতি, হকিস্টিকসহ ধারালো অস্ত্র রয়েছে। ডুয়েট ছাত্রলীগের সাবেক কমিটির সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ওয়াফিকের পিঠ ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া সাদ্দামের হাত ভেঙে যায় এবং মিঠুনের অবস্থা গুরুতর।” এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তারা জানান।

ডুয়েট ছাত্রলীগের সাবেক ও ত্যাগী নেতা-কর্মীদের ভাষ্য, “তাইবুর রহমান ছাত্রলীগে অনুপ্রবেশ করে বিএনপি-জামায়াতের নৈরাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করছে। ক্যাম্পাসের ছাত্রদল ও শিবিরের অনুসারীরা তার ছত্রছায়ায় রয়েছে।”

শিক্ষার্থীরা জানায়, ডুয়েট ছাত্রলীগের সভাপতি তাইবুরসহ আক্রমনকারী সকলের বাড়ি বরিশালে। জয়দেবপুর থানার পুলিশ ক্যাম্পাসে রয়েছে। ডুয়েটের শিক্ষকরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এছাড়া সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা কয়েকটি উপভাগে বিভক্ত হয়ে বিভিন্ন হলে থাকা বরিশালের শিক্ষার্থীদের পিটিয়ে বের করে দিচ্ছেন।

প্রিন্স ফটোকপির সত্ত্বাধিকারী প্রিন্স মাহমুদ যোগফলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হেলাল ফটোকপির মালিককে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

রাত আড়াইটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ডুয়েট ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ চলায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

সূত্রঃ যোগফল

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version