Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

জোড়া গোল করে ফাইনালের রানি টাঙ্গাইলে গোপালপুরের মেয়ে কৃষ্ণা

স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এই নিয়ে পাঁচবার ফাইনালে হারল নেপাল। আর দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে বাংলাদেশ জিতে নিল শিরোপা। জোড়া গোল করে ফাইনালে বাংলাদেশের রানি কৃষ্ণা রানি সরকার। শামসুন্নাহার জুনিয়রের গোলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করে জয় নিশ্চিত করেন এই তারকা ফরোয়ার্ড।


কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে চোট পাওয়া সিরাত জাহান স্বপ্নার বদলি হিসবে নেমেছিলেন শামসুন্নাহার জুনিয়র। তিন মিনিট পরেই দারুণ গোলে তিনি বাংলদেশকে এগিয়ে দেন। ম্যাচের পরবর্তী সময়টুকুর আলো নিজের দিকে টেনে নেন কৃষ্ণা। ৪১তম মিনিটে নেপালের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে অধিনায়ক সাবিনা পাস দেন কৃষ্ণাকে। বল পেয়ে ভুল করেননি এই ফরোয়ার্ড। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

এরপর ৭০তম মিনিটে নেপাল একটি গোল পরিশোধ করলে ম্যাচের উত্তেজনা বেড়ে যায়। ৭ মিনিট পরেই বাংলাদেশকে ফের চালকের আসনে বসিয়ে দেন কৃষ্ণা। প্রতি আক্রমণ থেকে সতীর্থের থ্রু পাস ধরে দূরপাল্লার শটে নেপালের গোলকিপারকে ফাঁকি দেন এই ফরোয়ার্ড। দশরথ স্টেডিয়ামে পরিপূর্ণ গ্যালারি স্তব্ধ করে দিয়ে লেখা হয়ে যায় লাল-সবুজের ইতিহাস। বাংলাদেশ জিতে নেয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version