প্রতিনিধি, ঘাটাইল: অসময়ে পানি বৃদ্ধির কারণে টাঙ্গাইলের ঘাটাইলে ঝিনাই নদীতে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন থেকে শতবর্ষী কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ঘাটাইল উপজেলার কুরমুশি-সাইটাপাড়া এলাকায় ঝিনাই নদীর তীরে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, কুরমুশি-সাইটাপাড়া এলাকার সামাজিক কবরস্থানটি শত বছরের পুরনো। অসময়ে পানি বেড়ে ঝিনাই নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় কবরস্থানটি ভাঙনের শিকার হচ্ছে। ভাঙন থেকে রক্ষায় গ্রামবাসী ইতোমধ্যে বাঁশ ও গাছ দিয়ে কবরস্থানটি রক্ষার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
তারা আরও বলেন, এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে বার বার জানিয়েও কোন প্রতিকার হয়নি। অবশেষে স্থানীয় তিন শতাধিক নারী-পুরুষ ঝিনাই নদীর তীরে ভাঙন রোধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, দিগলকান্দী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটো, গোরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, স্থানীয় ইউপি সদস্য মো. ইকবাল হোসেন, মো. নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আবুল মনসুর আহমেদ প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।