Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কয়েক দিন ধরে প্রায় সারাদেশে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। এদিকে আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আজ (২২ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে ব্রহ্মপুত্র, যমুনা ও উত্তরাঞ্চলের ধরলা ও তিস্তা এবং উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলো এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি অববাহিকার নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ,নাটোর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় ঢাকার জেলার আশপাশের নদীগুলোর পানি বাড়তে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের স্টেশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ছাতকে ১৮০ মিলিমিটার। এছাড়া দেওয়ানগঞ্জে ১৫০, মহেশখোলায় ১৪১, কক্সবাজারে ১০১, লরেরগড়ে ১৪০, জাফলংয়ে ১৩৬, সুনামগঞ্জে ১২০, নোয়াখালীতে ৭৪, লালাখালে ১১৬, পঞ্চগড়ে ১১৪, দুর্গাপুরে ১১২ এবং পরশুরামে ৭৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version