Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের দুই ইউপিতে আ.লীগ ১, বিদ্রোহী ১

News Tangail
নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা এবং পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বীরবাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোহরাব আলী নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম শিকদার আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৮৭৫ ভোট পেয়েছেন।

অপেরদিকে পারখী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী তালুকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩ হাজার ৫৮৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার নৌকা প্রতীকে ২ হাজার ৮৪৪ ভোট পেয়েছেন।

এছাড়া নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ৩নং সংরক্ষিত ওয়ার্ডে আলেয়া বেগম তালগাছ প্রতীক নিয়ে ১ হাজার ৪০৪ ভোট এবং ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে হিটলার তালুকদার টিউবওয়েল প্রতীক নিয়ে ৬১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version