নিউজ টাঙ্গাইল ডেস্ক: উজানের পাহাড়ি ঢল আর লাগাতার বর্ষণে টাঙ্গাইলের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে ভূঞাপুর কালিহাতি টাঙ্গাইল সদর এবং নাগরপুর উপজেলায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। বর্ষার শুরুতে এমন ভাঙ্গনে দিশেহারা নদী পাড়ের মানুষেরা।
তাদের অভিযোগ, প্রতিবছর বর্ষার শুরুতে নদী ভাঙ্গন দেখা দিলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে না কর্তৃপক্ষ। এতে ভিটে বাড়ি হারিয়ে সর্বস্বান্ত হতে হয় তাদের।
তবে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার দাবি, বিভিন্ন এলাকায় স্থায়ী বাধসহ বন্যায় ভাঙ্গন রোধের কাজ চলমান রয়েছে।
ভাঙ্গনের কথা স্বীকার করে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, স্থায়ী বাধসহ বন্যায় নদী ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে।
প্রতি বছর বন্যা আসে আবার বন্যা চলেও যায়। কিন্তু ভিটে বাড়ি, শত শত হেক্টর ফসলি জমি, রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠান গ্রাস করে সর্বস্বান্ত করে যায় নদী তীরবর্তী মানুষদের। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। বর্ষা শুরু হতে না হতেই বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে নদী পাড়ের মানুষজন ভিটে বাড়ি রক্ষার্থে নিজেরাই নদীতে গাছের ডাল পালা ফেলে শেষ সম্বলটুকু বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি নদী পাড়ের মানুষদের।

