Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে শহরে আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে জেলা প্রশাসনের টানা তিন দিনের ১৪৪ ধারা জারি হওয়ায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা শহরের অধিকাংশ প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে চলছে যানবাহন তল্লাশি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে শহরের নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ গেট, ডিস্ট্রিক্ট গেট, নতুন বাসস্ট্যান্ড, বটতলা, মেইন রোড, বেবিস্ট্যান্ড, শান্তিকুঞ্জ মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে, বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করা হয়।

বৃহস্পতিবার ভোর থেকে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা তিনদিন এ ১৪৪ ধারা জারি থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আওয়ামী লীগের দু গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের সম্ভাবনা আছে। যে কারণে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। জনগণের জানমাল রক্ষার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বেশ কিছু জায়গায় চেকপোস্টও বসানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version