- ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে বাংলা ড্রেজারের মাধ্যমে দেদারসে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির যে মহোৎসব তা কিছুতেই থামাতে বা বন্ধ করতে পারছে না উপজেলা প্রশাসন। বালু উত্তোলন বন্ধে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু ব্যবসায়ীদের জরিমানা ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করলেও অজ্ঞাত কারণে কিছুদিন পর থেকেই প্রশাসনের নজর এড়িয়ে পুনরায় বালু উত্তোলনের কর্মযজ্ঞ শুরু করে বলে অভিযোগ স্থানীয়দের ।
যমুনা নদী অবৈধ বালু উত্তোলনের বিষয়ে স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে মাঝে মধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ বালু ব্যবসা বন্ধে বৃহস্পতিবার (০২ জুন) বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের গাড়াবাড়ি এলাকার বালুর ঘাটে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে শেখ মো. আলাউল ইসলাম।
এসময় অভিযান চালিয়ে যমুনা নদী থেকে
অবৈধ বাংলা ডেজার মাধ্যমে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে অসাধু বালু ব্যবসায়ী উপজেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজুকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়াও বালু উত্তোলন কাজ ব্যবহৃত (ভেকু) মাটি কাটার যন্ত্র জব্দ করা হয়। তবে, বাকিগুলোতেই অভিযান চালিয়ে স্থায়ীভাবে বন্ধের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে শেখ মো. আলাউল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বলেন, দীর্ঘদিন ধরে কতিপয় কিছু বালু ব্যবসায়ী অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল বলে জানায় এলাকাবাসী। তাদের এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আরিফুল হক আরজু নামে এক বালু ব্যবসায়ীকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ভেকু জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

