Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে একটানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল শিশুসহ ২১ কিশোর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এক টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিশেষ পুরস্কার পেয়েছেন শিশুসহ ২১ কিশোর-তরুণ।

গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে তারাবির নামাজের পর টাঙ্গাইল পৌর শহরের ৬ নং ওয়ার্ডের কলেজ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি কিশোর ও তরুণদের নামাজে উৎসাহ বাড়াতে এই প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করেন।

পুরষ্কারের মধ্যে ছিল- পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামিক বই। মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সা’দ রহমান ও মসজিদ পরিচালনা কমিটি এমন উদ্যোগ নেন।

ইমাম হাফেজ মাওলানা মুফতি সা’দ রহমান জানান, গত ১৪ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শিশুসহ ৩০ জন কিশোর, তরুণ ও যুবক নাম লেখায়। পুরস্কারের জন্য ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয়ে মোট শিশুসহ ২১ জন কিশোর, তরুণ ও যুবক পুরস্কারপ্রাপ্ত হয়।

মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পরশ তালুকদার জানান, এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজের প্রতি আগ্রহী হবে। তাদের দেখে অন্যরাও নামাজে আসবে। ফলে তরুণ যুবকরা অসৎ পথ ছেড়ে নামাজের দিকে ধাবিত হবে। এ ধরণের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

এ সময় পুরস্কার বিতরণে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পরশ তালুকদার, অর্থ সম্পাদক নাসির উদ্দিন টিটুসহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version