Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে এক সপ্তাহ আটকে থাকা বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে এক সপ্তাহ আটকে থাকা বিড়ালটি অবশেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার সকালে শহরের সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের চার তলা বিশিষ্ট একটি ভবনের সানশেডে আটকে থাকা বিড়ালটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ ধরে বিড়ালটি ওই ভবনের সানশেডে আটকে ছিল। পরে ভবনটির পাশের ভবনে থাকা ওয়াহিদ আকরাম সুবিন শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেন। এরপর তিনি ফায়ার সার্ভিসের সাড়া না পেয়ে স্থানীয় সাংবাদিক নওশাদ রানা সানভীর সাথে যোগাযোগ করেন। পরে সানভী টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে বিড়ালটি উদ্ধারে সহযোগিতা চান। বিষয়টি নিয়ে অনুরোধ করলেও তারা সারা দেয়নি। পরে তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। মুহূর্তের মধ্যেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

মন্তব্যে বিশিষ্ট কবি বুলবুল খান মাহবুব লেখেন ফায়ার সার্ভিস উদ্ধার করবে না কেন, তাদের কাজ কি শুধু আগুন নেভানো। এনিমেল রিস্কিউ অব টাঙ্গাইল গ্রুপের মুনিয়া ইতু ও ইথিকা ইমু বলেন, সাংবাদিক সানভীর পেইজে একটি ভিডিও দেখে খুব মায়া লাগে বিড়ালটির জন্য। পরে ফায়ার সার্ভিসকে অনুরোধ করা হয়। প্রথমে তারা না করলেও পরে রাজি হয়। তারা এসে উদ্ধার করেছে। টিম এনিমেল লাভার্স গ্রুপের মো. জাকির বলেন, বিড়ালের বাচ্চাটি উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version