Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে কাচ্চি-হাজী বিরানিতে বাসি মাংস, রান্নাঘরকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়া এলাকায় অবস্থিত একটি রান্না ঘরে অভিযান চালিয়ে বাসি পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল।

সোমবার (২৪ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, এ রান্না ঘর থেকে দেশের পরিচিত তিনটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান কাচ্চি খাদক, হাজী বিরানি ও হানিফ বিরানিতে নিয়মিত খাবার নিতো। তবে রান্নার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা এবং খাবার প্রস্তুতিতে ব্যবহার করা হতো বাসি ও পচা মাংস।

এখানে প্রতিদিন বাসি খাবার নতুন করে রান্না করা হতো। রান্নাঘরজুড়ে নোংরা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। ভোক্তার স্বাস্থ্যের জন্য এটি মারাত্মক ক্ষতিকর। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রান্না ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা, টাঙ্গাইল সদর থানা পুলিশ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version