Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে কালীমন্দিরের ৫টি মূর্তি মাথা কেটে ভাংচুর করেছে দুর্বৃত্তরা

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে একটি কালী মন্দিরের তালা ভেঙ্গে ৫টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে ৬ টি প্রতিমার মধ্যে ৩ টির মাথা কেটে ফেলে রেখে যায় এবং ২টি মাথা নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার ভোরে রাতে উপজেলার সিলিমপুর উত্তর সেনবাড়ী সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

এদিকে দুপুরে স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপাসহ উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এবং সকালে কালিহাতি সার্কেল এএসপি রাসেল মনির, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলমসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই মন্দির কমিটির সভাপতি প্রতিশ চন্দ্র সেন বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠে মন্দিরের সামনে এসে দেখি কে বা কারা মন্দিরের ভিতরে থাকা মূর্তিগুলোর মাথা কেটে ফেলে রাখে এবং মাথা নিয়েও যায়। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা বলেন, ‘একটি সুরক্ষিত মন্দিরের তালা ভেঙে কে বা কারা রাতের অন্ধকারে মূর্তিগুলোর ক্ষতি করেছে। এটা ধর্মীয় বিধীতে আইনগতভাবে অন্যায়। পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করবো যাতে পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে। সেজন্য সচেতন ব্যক্তিরা যারা সমাজে বাস করেন তাদেরকেও অনুরোধ করবো তারা যেন এগুলো দেখভাল করে এবং মন্দির সুরক্ষিত রাখার জন্য এলাকা ভিত্তিক টিম গঠন করে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়।’

এ প্রসঙ্গে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, ‘এই মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভিতরে থাকা মূর্তিগুলোর মাথা ভেঙে ২ টি মাথা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version