Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে গরুতে জমির ধান খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুরে ক্ষেতের ধান গরু খাওয়া নিয়ে বিরোধে সালাম (৭০) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অবিরন নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহত সালাম উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের তালতলা এলাকার বাসিন্দা।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার জগৎপুরা গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় সালামের ছেলে জয়নাল শনিবার রাতে বাদী হয়ে মজিবর ও তার স্ত্রীসহ কয়েকজনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের সালামের জমিতে লাগানো ধান খায় প্রতিবেশি মজিবরের একটি গরুর বাছুর। পরে সালাম গরুর বাছুরটি আটকিয়ে রেখে সালামের বাড়িতে বিচার চাইতে যায়। এসময় ধান খাওয়া নিয়ে দুইজনের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শুক্রবার বিকালে সালাম পাশ্ববর্তি নলীন বাজার থেকে বাড়িতে ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা মজিবরসহ তার লোকজন হামলা চালায়। এসময় সালামের চিৎকারে তার স্ত্রীসহ কয়েকজন এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। এতে গুরুতর আহত সালাম ও তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সালামকে ঢাকায় পাঠানোর পর শনিবার চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

ভুঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম জানান, গরুর বাছুর ক্ষেতের ধান খেয়েছে এমন ঘটনার বিরোধে সালামকে হত্যা করা হয়। এর আগে নিহত সালাম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। তার স্ত্রীও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় মজিবরের স্ত্রী অবিরনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version