Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল আব্দুস সোবহান (৫৫) নামের এক বৃদ্ধের। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ঘাটাইল ইউনিয়নের কান্দুলিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বয়োজ্যেষ্ঠ আব্দুস সোবহান ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কান্দুলিয়া উত্তরপাড়া গ্রামের হায়দার, সোলেমান, হাবিব গংরা কাঠ ব্যবসায়ীর কাছে বাড়ির কিছু গাছ বিক্রি করে। প্রতিবেশী ছাত্তার কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে কিছু লাকড়ি ক্রয় করে। ক্রয়কৃত লাকড়ি আনতে গেলে ছাত্তার ও হায়দারদের মধ্যে ঝগড়া বাধে। এতে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় ছাত্তারের ভাই সোবহান মারামারি ফেরাতে গেলে তারা তাকেও মারধর করে। মারামারির এক পর্যায়ে ঘটনাস্থলেই সোবহান জ্ঞান হারায়। পরে সোবহানকে দ্রুত উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষনা করেন।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃ’ত্যুর কারণ জানা যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version