Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে চাল বিক্রিতে অনিয়ম; ছাত্রলীগ নেতাকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল খোলা বাজারে বেশি দামে বিক্রি করার অভিযোগে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জুয়েলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার ওএমএসের ডিলারশিপও বাতিল করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার রাতে র‌্যাব ১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জুয়েল গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক ও মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জাপুর বাজারে অভিযান চালায় র‌্যাব ১২, সিপিসি-৩ এর সদস্যরা ।

র‌্যাব ১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর বাজারে অভিযান চালিয়ে ডিলার মেহেদী হাসান জুয়েলকে চালসহ হাতেনাতে ধরা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানাসহ তার ডিলারশীপ বাতিল করেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version