নিজস্ব প্রতিনিধি :৩ নভেম্বর জাতীয় জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার চেয়ে মেলাকে প্রাধান্য দিলো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগসহ পৌর কর্তৃপক্ষ। মেলা আয়োজন করার কারণে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতারা টাঙ্গাইল শহরের পৌরউদ্যানে বঙ্গবন্ধুসহ চার নেতা প্রতিকৃতির বেদীতে ফুল দেননি। তাই অন্যান্য দিনের মতো অযত্ম ও অবহেলায় পড়ে আছে বেদিটি। এ বেদিটি পৌরসভার তত্তবধানে থাকলেও তারা কোন সংস্কার করেনি।
এ দিকে অনুমতি ছাড়া মেলার আয়োজন করায় দুই দিন আগে কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।
অপরদিকে বুধবার (৩ নভেম্বর) জেলা আওয়ামী লীগসহ সহযোগি অঙ্গসংগঠন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। সেখানেো জাতীয় চার নেতার কোন ছবি ছিলো না।
সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতির বেদিতে নানা শ্রেণী পেশার কয়েক জন মানুষকে জুতা পায়ে বসে থাকতে দেখা যায়। তাদের মধ্যে এক যুবক বলেন, এখানে কেউ ফুল নিয়ে আসেনি। বেদি অপরিস্কার থাকায় তাই জুতা পায়ে বসে আছি।
সকাল ১১ টায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে কথা হয় আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা নায়েক আবু সাইম বলেন, সকাল ৮ টা থেকে পৌরউদ্যানে দায়িত্ব পালন করছি। তবে স্বেচ্ছাসেবক লীগ ছাড়া আওয়ামী লীগসহ কেউ ফুল দেয়নি। পৌরউদ্যানটি পৌরসভার তত্ত্বাবধানে থাকলেও পৌরসভার পক্ষ থেকে কোন প্রকার পরিস্কার করা হয়নি।
জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি বলেন, পৌরউদ্যানে মেলার আয়োজন চলছে। তাই সেখানে বঙ্গবন্ধুসহ চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়নি। তবে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুল দেয়া হয়েছে। এছাড়াও দোয়া করা হয়েছে। চার নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা জানাই।
টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর বলেন, পৌরউদ্যানে কোন প্রোগাম না থাকায় বঙ্গবন্ধুসহ চার নেতার বেদি আগের মতো ছিলো। তাই কোন পরিস্কার করা হয়নি।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া পৌর কর্তৃপক্ষ মেলার আয়োজন করায় দুই দিন আগে মেলা আয়োজনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
