Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু

News Tangail

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় অবস্থিত বুরবুরা বিলে মাছ ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বাদল (২৬) ও মানিক (২৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ সময় চানু মিয়া নামের অপর একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতদের সঙ্গে থাকা চানু মিয়া বলেন, ‘বাদল, মানিককে পেছন থেকে অনুসরণ করে রেল লাইন ধরে চারজন হাঁটছিলেন। এ সময় পেছন থেকে ট্রেন আসে। অন্যরা দ্রুত সরে গেলেও ট্রেনের নিচে কাটা পড়েন বাদল ও মানিক। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

মধুপুরের মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বলেন, ‘রাতেই দুইজনের লাশ বাড়িতে নিয়ে আসেন সঙ্গে থাকা অন্যরা।’

বঙ্গবন্ধু সেতু রেলওয়ে স্টেশনের হেড বুকিং রেজাউল করিম বলেন, ‘বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়। বিষয়টি শোনার পরেই আমরা রেলওয়ে পুলিশকে জানিয়েছি।’

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর জানান, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা লাশ দুটি নিয়ে গেছেন।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version