নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে খান ফিলিং স্টেশন ও রূপালী ফিলিং স্টেশনে দুই পেট্রোল পাম্পে গতকাল রোববার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ডাকাতিকালে নগদ আড়াই লাখ টাকা ও সিসি ক্যামেরার ভিডিওর ধারণ অংশ খুলে নিয়ে গেছে। তবে রূপালী ফিলিং স্টেশনের সিসি ক্যামেরার ভিডিও ধারণ অক্ষুন্ন আছে।
টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের রূপালী ফিলিং স্টেশন ও টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরের চাড়ালজানী এলাকায় খান ফিলিং স্টেশনে একই রাতে দুই পাম্পে ডাকাতির ঘটনা ঘটে।
রূপালী ফিলিং স্টেশনের মালিক অ্যাডভোকেট সালাউদ্দিন সেলিম জানান, গতকাল রোববার দিবাগত রাতে ১০/১২ জনের একটি দল ফিলিং স্টেশনের কর্মীদের বেধে রেখে ক্যাশ থেকে নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায়। অপরদিকে খান ফিলিং স্টেশনের মালিক মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর জামাতা নুরুল আলম খান রাসেল জানান, শেষ রাতের দিকে ১২/১৪ জনের একটি দল তাদের মুখে মুখোশ বেধে অতর্কিতভাবে পাম্পে হানা দেয়। কাটার মেশিন দিয়ে তালা কেটে তারা ভিতরে ঢুকে ক্যাশিয়ারসহ অন্যদের বেধে ক্যাশ থেকে ২ লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় সিসি ক্যামেরার ভিডিওতে ধারণ অংশ খুলেও নিয়ে যায়।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল ডাকাতির ঘটনা সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে বলা যাবে মূল ঘটনা। ঘটনার সাথে জড়িতদের গ্রেফাতারের জোর তৎপরতা চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
