Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

ছবি- নিউজ টাঙ্গাইল।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) টাঙ্গাইল জেলা শাখা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব এর সামনে এক ঘণ্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি ও তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্রকে রুখে দেবার আহ্বান জানান কমিউনিস্ট পার্টির নেতারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও সম্পাদক ওহিদুজ্জামান, সদস্য হেমায়েত হোসেন হিমু, ইকবাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বেগম শামসুন্নাহার শান্তি, কমিউনিস্ট পার্টির গোপালপুর শাখার সভাপতি হবিবর রহমান, সম্পাদক এম.এ মাসুদ, ঘাটাইল শাখার সম্পাদক সরকার আবুল কাশেম ও কালিহাতী শাখার সম্পাদক রায়হানা ফেরদৌসী প্রমুখ।

এদিকে, দুপুরে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভূঞাপুর উপজেলা শাখা কমিটি (সিপিবি)।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভূঞাপুর শাখা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ঘাটাইল শাখার সভাপতি হাবিবুর রহমান হবি, আব্দুল খালেক,আবু হানিফ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে দিনদিন চাল, ডাল, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বেড়েই যাচ্ছে, যা নিম্ন আয়ের মানুষদের ক্রয় ক্ষমতার বাইরে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version