নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আক্তার হোসেন (৪০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাকের হেলপার। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আক্তার হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেন শেখের ছেলে।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে একটি গম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে মহাসড়কের ঘারিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়।

খবর পেয়ে ট্রাকে আটকা পড়া চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের হেলপার আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিহতের লাশ এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর