Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ‘পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ এমন গুজব ছড়ানোর অভিযোগে একজন আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ‘পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে টাঙ্গাইলের ভুঞাপুরে আব্দুর রহমান (২৩) নামে এক জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৬ জুলাই) রাতে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রহমান (২৩) একই উপজেলার পলশিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এসময় এসব কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি কম্পিউটার পিসি উদ্ধার করা হয়। তিনি বিএনপির কর্মী বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃত ব্যক্তি ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একটি গ্রুপে ‘পদ্মাসেতু নির্মাণ কাজে ১ লাখ বা তার বেশি মাথার প্রয়োজন। পদ্মাসেতুর কাজ চালাতে তাই প্রধানমন্ত্রীর নির্দেশে দেশজুড়ে ৪২টি দল বের হয়েছে এই মাথা সংরক্ষণের জন্য’ এমন স্ট্যাটাস দেয়।

শনিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত যুবক তার নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ভুয়া ফেসবুক আইডি, পেইজ ও গ্রুপ খুলে ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ এমন একটি পোস্ট দেয়। যা পরবর্তীতে একাধিক শেয়ার হয়। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত যুবক বিএনপি কর্মী বলে এলাকাবাসী জানিয়েছে। পরে তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

তিনি বলেন, ওই ব্যক্তি ফেসবুকে যে পোস্টটি দিয়েছে তা হলো- ‘পদ্মাসেতু নির্মাণ কাজে ১ লাখ বা তার বেশি মাথার প্রয়োজন। পদ্মাসেতুর কাজ চালাতে তাই প্রধানমন্ত্রীর নির্দেশে দেশজুড়ে ৪২টি দল বের হয়েছে এই মাথা সংরক্ষণের জন্য। এরা পথে ঘাটে খেলার মাঠে হাট বাজারে ইত্যাদি জায়গায় ঘুরে বেরায়।

এদের কাছে আছে ধারালো ছুরি এবং বিষাক্ত গ্যাস যা ১০/১৫ হাত দূর থেকে স্প্রে করলে মানুষ অজ্ঞান হয়ে যায় এবং তখনই তারা মাথা কেটে নিয়ে যায়। তাদের লক্ষ্য মাথা কাটা। এর ভিতরে খুলনায় অনেক মাথা কেটে নেয়া হয়েছে তাই সাবধান থাকবেন, বাসার সবাইকে সতর্ক করে দিবেন এবং বাসায় কোনো ভিক্ষুক আসলে সাবধানে থাকবেন এবং কোনো অপরিচিত কেউ আসলে দরজা খুলবেন না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version