নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে বাসের মধ্যে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে পরিবহন শ্রমিকরা। এঘটনায় মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে ওই বাসের সুপারভাইজার এরশাদ আলীর ৫দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে এই মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতারকৃত এরশাদ আলীর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। পরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান তার ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানান, ‘গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস (যশোর-ব-৪৪২) কিছু যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী ছাড়া সব যাত্রী তাদের গন্তব্যে নেমে যান। এই সুযোগে ওই নারীকে একা পেয়ে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার মিলে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসের হেলপার নামজুলকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত হেলপার নাজমুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত রোববার (০২ সেপ্টেম্বর) গভীর রাতে বাসের সুপারভাইজার এরশাদ আলী (৪০) কে কালিহাতী উপজেলার বেনুকুর্শিয়া এলাকা থেকে গ্রেফতার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। এরশাদ আলী ওই এলাকার মৃত লাল চানের ছেলে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।