টাঙ্গাইলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। এর মধ্যে রোববার (১৮ জানুয়ারি) শেষদিনের শুনানিতে ৩ জন প্রার্থী প্রার্থীতা ফিরে পান। বর্তমানে জেলায় বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, টাঙ্গাইলের ৮টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে ২১ জন প্রার্থী আপিল করে এবং ১৮ জন তাদের প্রার্থীতা ফিরে পান।
আপিলে প্রার্থীতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হারুন অর রশিদ, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার, টাঙ্গাইল-৪ (ঘাটাইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিঞা।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে খেলাফত মজলিসের হাসানাত আল আমীন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) হাসরত খান ভাসানী প্রার্থীতা ফিরে পান। টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম, স্বতন্ত্র প্রার্থী জুয়েল সরকার ও শরীফুল ইসলাম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খেলাফত মজলিসের আবু তাহের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাউল করিম, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে খেলাফত মজলিসের শহীদুল ইসলাম, আমজনতা দলের আলমগীর হোসেন ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির আওয়াল মাহমুদ প্রার্থীতা ফিরে পেয়েছেন।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানিয়েছেন, আপিলে প্রার্থী ফিরে পাওয়ায় এখন জেলায় বৈধ প্রার্থীর সংখ্যা ৫৫ জন।
