Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বন্যার্তদের ত্রাণ নিয়ে ট্রাক পুকুরে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বানভাসী মানুষের জন্য বরাদ্দ দেয়া ত্রাণসামগ্রী নিয়ে ট্রাক পুকুরে তলিয়ে গেছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সংরক্ষিত আসনের মহিলা এমপি অপরাজিতা হকের নামে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ দেয়া ত্রাণ টাঙ্গাইল থেকে ট্রাকে করে উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচি গ্রামে নিয়ে আসার পথে ভাঙ্গাচোরা রাস্তায় ট্রাকটি উল্টে পুকুরে গিয়ে পড়ে। এতে চালকসহ দু’জন আহত হয়।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে বিতরণের জন্য এসব মালামাল টাঙ্গাইল গুদাম থেকে সোমবার (২৭ জুলাই) দুপুরে উত্তালন করা হয়। সংরক্ষিত আসনের মহিলা এমপির গ্রামের বাড়ি নারুচিতে নিয়ে এসব ত্রাণ আগামী মঙ্গলবার (২৮ জুলাই) বিতরণের কথা ছিল।

মহিলা এমপি অপরাজিতা হক জানান, এক হাজার লোকের জন্য প্যাকেট করা ত্রাণে ছিল চাল, ডাল তেল ও চিনি। তার বাড়ির নিকটে এসে ত্রাণের ট্রাক উল্টে যায়। মঙ্গলবার (২৮ জুলাই) দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এসব ত্রাণ বন্যার্তদের মধ্যে বিতরণের কথা ছিল।

হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব জানান, জলকাদায় ত্রাণের প্রায় মালামাল ভিজে খাবারের অনুপযোগি হয়ে গিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version