Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জামাই সমাবেশ অনুষ্টিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামাই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালিদাস গ্রামের পাইলট বাড়ির সামনে একটি মাঠে ভিন্ন মাত্রার এ আয়োজন করা হয়। সমাবেশে প্রায় দেড় শতাধিক জামাইসহ তাঁদের পরিবারের ছয় শতাধিক সদস্য অংশ নেন। শুধু পাইলট বাড়ির লোকজন, আত্মীয়-স্বজন, জামাতার মিলন মেলা ছিল এটি।

জানা যায়, জামাই সমাবেশ উপলক্ষে ওইদিন এলাকার নবীন-প্রবীণসহ শতাধিক জামাতা তাঁদের পরিবারসহ উপস্থিত হতে থাকেন। শুক্রবার দিনব্যাপী ছোট-বড় সদস্যদের সমন্বয়ে চলতে থাকে গ্রামীণ খেলাধুলা, র্যাফেল ড্র ও প্রীতিভোজ। একপর্যায়ে জামাই সমাবেশ সকলের মিলন কেন্দ্রে পরিণত হয়। প্রত্যেক জামাতার জন্যই ছিল সৌজন্য উপহার। সন্ধ্যায় রেডিও-টেলিভিশনের শিল্পীদের গান পরিবেশনার মাধ্যমে জামাই সমাবেশের সমাপ্তি ঘটে।

ওই বাড়ির জামাতা আবদুল বারেক সরকার বলেন, দীর্ঘদিন পর শ্বশুরবাড়ির পরিচিত-অপরিচিত সকল আত্মীয়দের সঙ্গে দেখা হয়েছে। ক্ষনিকের জন্য হলেও সেই যৌবনের দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছিল, যেনো ফিরে গিয়েছিলাম বিয়ের স্মৃতিময় প্রথম দিনগুলোতে। নাতি-পুতিদের নিয়ে আড্ডাও জমেছিল বেশ।

জামাই সমাবেশের আয়োজক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আবু রায়হান জানান, আমার দাদারা তিন ভাই ছিল। তাঁদের ঘরের সন্তান, নাতি, নাতনি সহ এখন অনেক হয়ে গেছে। তাঁদের নিয়ে এটা ছিল একটা পারিবারিক বনভোজন ও মিলন মেলা। বর্তমান ভার্চুয়াল জগতে পারিবারিক বন্ধন ও আত্মীয়তার সম্পর্কগুলো প্রায় ছিন্ন হতে বসেছে। নিজের বোন, বোন জামাই, তাঁদের সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে অনেকের সম্পর্কগুলো দিনদিন হারিয়ে যাচ্ছে। এসব হারিয়ে যাওয়া সম্পর্কগুলো দৃঢ় করতে এবং একে অপরের সঙ্গে পরিচিত হতে প্রতিটি এলাকায় এসব সমাবেশের আয়োজন করা প্রয়োজন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version