Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৫০০ রোগীর হবে ছানি অপারেশন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। আল-বাসারের অর্থায়নে এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত টাঙ্গাইল পৌর শহরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ছানি রোগীদের মধ্য থেকে অপারেশনের জন্য রোগী নির্বাচন করা হয়। আয়োজকরা জানান, নির্বাচিত ৫০০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। এছাড়া অপারেশন, ওষুধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক খরচও বহন করা হবে।

আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ সদস্যের মেডিকেল টিম ক্যাম্পে চিকিৎসাসেবা দিচ্ছেন। পুরো কার্যক্রমে প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ সেন্টারের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিশওয়ারি। সার্বিক পরিচালনায় ছিলেন মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের।

Exit mobile version