- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে বৃষ্টিতে মধ্যে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রঘাতে হাসান মন্ডল (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ২ বন্ধু।
রবিবার বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাসান মন্ডল একই গ্রামের হুরমুজ আলী মন্ডলের ছেলে। সে নগরবাড়ী হাজী আবু হাসেম বিএম কলেজের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, কলেজছাত্র হাসান মন্ডল ও তার বন্ধুরা মিল ঘড়িয়া পূর্ব পাড়া বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রাঘাতে হাসান মাটিতে লুটিয়ে পড়েন।
এরপরতাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এ প্রসঙ্গে উপজেলার নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলেজ ছাত্র হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
