Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবনসহ দুইজনের কারাদণ্ড

News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক মামলায় দেওয়ান আখতারুজ্জামান ওরফে চপল (৫০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে মুধু মিয়া (৬১) নামে অপরজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আখতারুজ্জামান ওরফে চপল ও মধু মিয়া টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর এলাকার বাসিন্দা।

এদের মধ্যে চপলকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং মধু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোস্তফা শাহরিয়া খান এ আদেশ দেন। মামলা চলাকালীন সময়ে জামিনে মুক্তি পেয়ে দণ্ডিত দুই জনই পলাতক রয়েছেন।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল ২০১১ সালের ২০ জুলাই শহরের এনায়েতপুরে দেওয়ান আখতারুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার ঘর থেকে ৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এরপর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খোরশেদ আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) বিথী চ্যাটার্জী ২০১১ সালের ২০ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ৬ জনকে আসামি করা হয়। এরমধ্যে ৫ জন সাক্ষ্য দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version