Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে রাতের আঁধারে পলিথিনে মুড়িয়ে ছেলের লাশ ফেলে গেলেন বাবা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে। মরদেহটি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার আমজানী গ্রামের চেতনচন্দ্র দাসের। দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে সোমবার (১৫ জুন) এ খবর প্রকাশ করা হয়।

পুলিশ জানায়, ঢাকা এয়ারপোর্ট এলাকায় চেতনচন্দ্র রিকশা চালাতেন। ৬-৭ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। রোববার (১৪ জুন) রাতে তিনি মারা যান। লাশ এলাকায় সৎকার করতে বাধাপ্রাপ্ত হবেন ভেবে বাবা নকুলচন্দ্র দাস ও বড় ভাই অতুলচন্দ্র দাস রাতের কোনো এক সময় পলিথিনে মুড়িয়ে লাশ ফেলে যান দেলদুয়ার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইলে।

খবর পেয়ে রোববার সকালেই পুলিশ অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে টাঙ্গাইল সিআইডি ক্রাইমসিন টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে।

দেলদুয়ার থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া জানান, মৃত ব্যক্তির পরিবারসূত্রে জানা গেছে, ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চেতনচন্দ্র দাস মারা যান। বাবা ও বড় ভাই লাশ এলাকায় না নিয়ে ডুবাইল এলাকায় ফেলে যান। ময়নাতদন্ত শেষে চাচা পুণ্যচন্দ্রের কাছে লাশ হস্তান্তর এবং দাহ করতে খরচ হিসেবে পাঁচ হাজার টাকা দেয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version