নিউজ ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে মাদরাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খলিলুর রহমান (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে আদালতের মাধ্যমে আসামীকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে ও ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
জানা যায়, গত শনিবার খলিলুর রহমান মাদরাসার গেট থেকে ওই ছাত্রীকে ডেকে নেন। তারপর চকলেট দেওয়ার কথা বলে কৌশলে পাশের পুকুর পাড়ের নির্জন ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটির চিৎকারে স্থানীয়দের ছুটে আসলে আসামি দৌঁড়ে পালিয়ে যান।
গোপালপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ওই শিশুট মা বাদি হয়ে শনিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার একমাত্র আসামী খলিলুর রহমানকে গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

