নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে সাবেক এক ভিপির বিরুদ্ধে নাগরপুর সরকারি কলেজের এক শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাগরপুর থানায় তিনজনকে আসামী করে অভিযোগ দায়ের করলে শুক্রবার সকালে বাবু নামের এক মাইক্রবাস চালককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অন্য আসামীরা হলেন, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ মনোনীত সাবেক ভিপি ও কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান বিপ্লব। মামলা সূত্রে জানা যায়,নাগরপুর সরকারি কলেজের এক শিক্ষিকাকে বৃহস্পতিবার রাতে চশমা মেরামত করতে গেলে দোকানে কাউকে না পেয়ে দাড়িয়ে থাকেন।
এসময় বাইকে করে সাবেক ভিপি মামুন দোকানে এসে বসলে শিক্ষিকা তাকে দোকানদারের কথা জিজ্ঞেস করলে শিক্ষিকাকে মামুন টিজমূলক কথা বলেন। শিক্ষিকা টিজের প্রতিবাদ করলে বাবু ও বিপ্লব এগিয়ে এসে মামুনের সাথে যুক্ত হয়ে শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টান দিয়ে মুখের হিজাব খুলে ফেলে।
এ ব্যাপারে ওই কলেজ শিক্ষিকা বলেন, যেখানে আমি একজন সরকারি কর্মকর্তা হয়েও নিরাপদ নই। তাহলে সাধারন মেয়েরা কি ভাবে নিরাপদ থাকবে। আর আমি এজন্যই এদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে সাবেক ভিপি আল-মামুন ঘটনা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
নাগরপুর থানার ওসি আলম চাঁদ বলেন, নাগরপুর সরকারি কলেজের এক শিক্ষিকা শ্লীলতাহানীর অভিযোগ এনে সাবেক ভিপি মামুনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দিলে ১জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

