Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সুজন হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি রিমান্ডে

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে পল্লী বিদ্যুতের সহকারি ইলেকট্রিক মিস্ত্রি সুজন মিয়া (২৭) হত্যা মামলায় গ্রেফতার দুইজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (৩ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার কর্মকার রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, মামলার ১ নম্বর আসামি রেজাউল (৩৫) এবং ৪ নম্বর আসামি শামীম (৩০)। এর আগে শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় মাদারীপুরের কালিনগর খাসিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ। মধুপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুই আসামির অবস্থান জানতে পেরে এএসআই মোস্তাকিন বিল্লাহকে সাথে নিয়ে মাদারীপুর থানা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসা হয়। পরে আজ সকালে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরোও জানান, গ্রেফতার এড়াতে তারা দুজন ছদ্মবেশে কয়েকদিন যাবত পাগড়ি, পাঞ্জাবি পড়ে একটি মসজিদে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের (৩ জানুয়ারি) সকালে ১০/১২জন লোক সুজনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেয়া পর (৪জানুয়ারি) তার মৃত্যু হয়।

এঘটনায় নিহতের ভাই জয়নাল (৪জানুয়ারি) ১১জনকে আসামি করে মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এ মামলায় ৪জনকে গ্রেফতার করা হলো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version