নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে আবুল হোসেনকে (৫৬) হত্যা মামলার বাবা-ছেলেসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- কালিহাতী উপজেলার সীমাকাছড়া পালিমা গ্রামের মৃত নয়ন উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০), তার ছেলে শরিফ (৩০) ও মৃত জাবেদ আলীর ছেলে মনির (৪৫)।
র্যাব-১৪ এর ৩নং কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আবুল হোসেন হত্যা মামলায় নিহতের চাচাতো ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
নিহত আবুল হাসেনের ছেলে সালমান মিয়া বলেন, আমরা গরিব মানুষ। আসামিরা আমাদেরকে এর আগে কয়েকবার মেরেছে এবং নিয়মিত অত্যাচার করে। কিন্তু ওরা শক্তিশালী বিধায় কিছু বরতে পারি না। সর্বশেষ আমার বাবাকে নির্মমভাবে বিষ দিয়ে মেরে ফেলেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। তারা হত্যাকারীদের যথাযথ শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে পালিমা এলাকায় মানববন্ধন করে। সেইসঙ্গে এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। ফলে ভোগান্তিতে পড়েন এ সড়কে যাতায়াতকারী এবং যানবাহনের চালক হেলপাররা।
প্রকাশ, কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সীমাকাছরা গ্রামের মৃত রিয়াজ মন্ডলের ছেলে আবুল হোসেন সেচ পাম্প লিজ নিয়ে চাষাবাদ করতেন।
গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার ভোরে জমি সংক্রান্ত বিরোধে আবুল হোসেনকে ডেকে নেয় প্রতিপক্ষরা। কিছুক্ষণ পর আবুলকে ঘরের বারান্দায় রেখে পরিবারের সদস্যদের ডাক দিয়ে যান তারা। পরে নিহতের স্ত্রী বাইরে এসে দেখে আবুলের হাত মুখ গামছা দিয়ে বাঁধা। মুখ দিয়ে লালা বের হচ্ছে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, আবুলকে কীটনাশক খাওয়ানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক আবুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদি হয়ে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
