নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটনের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মা মমতাজ জামান (৬০)। রোববার (৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের সাবালিয়া জেলা যুবলীগের আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মমতাজ জামান লিখিত বক্তব্যে বলেন, গত (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় বেপাড়ীপাড়া বাসার সামনে আমার ছেলে লিটনের উপর হামলা করে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে লিটন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় গত (১০ সেপ্টেম্বর) পাঁচ জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত ১০-১২ জনের নামে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। মামলার প্রধান আসামী মীর ওয়াছেদুুল হক তানজীল বর্তমানে জেলহাজতে রয়েছে। অন্যান্য আসামীরা ধরা ছোয়ার বাইরে। এদিকে মামলা তুলে নিতে বিবাদিপক্ষরা হুমকি ধামকি দিচ্ছে। মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে তারা। মামলার স্বাক্ষী শাহানুরকেও বিভিন্নভাবে হুমকি ধামকি এবং হামলা করার হুমকি দিচ্ছে তারা। তাই টাঙ্গাইলের পুলিশ সুপার, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ সময় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটনের ছেলে আলিফ, ছোট ভাই দোলন উপস্থিত ছিলেন।
মমতাজ জামান বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর থেকে আমরা খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। বিবাধীরা আমাদের উপর যে কোন সময় হামলা করার হুমকি দিচ্ছেন। আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

