- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং এক হাজার পিস ইয়াবাসহ মো. আরিফুজ্জামান পলাশ (৩৫) ও কামরুজ্জামান শান্ত (২৪) নামে যুবককো গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
বুধবার বিকেলে মির্জাপুর ক্যাডেট কলেজ পাশে হলিদ্রাচালা এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আরিফুজ্জামান জেলার ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে ও শান্ত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মো. বিল্লাল হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেনের নির্দেশনায় এসআই মো. নুররুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
এসময় ৫০ গ্রাম মেথ আইস (যার বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা) ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট (যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা) সহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
