Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক: বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যানচলাচল বন্ধ

ছবি- সংগৃহীত।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইলের নাগরপুরে পারাপারের সময় বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ব্রিজে আটকে গেছে সরিষা ভর্তি ট্রাক।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ভাদ্রা ইউনিয়নে টেংরিপাড়া গ্রামে নয়নদী শাখা খালের উপর নির্মিত বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে যান চলাচল।

স্থানীয়রা জানায়, ২০১৩ সালে ধলেশ্বরী সেতু চালু হওয়ার পর এই সড়ক ব্যবহার বেড়ে যায় কয়েক গুন। ফলে টাঙ্গাইল থেকে আরিচা ও পাটুরিয়া ঘাটে যেতে ফেরি পারাপারের বিড়ম্বনার দিন শেষ হয়।

একই সাথে ঢাকার নবীনগর, ধামরাই, মানিকগঞ্জ যেতেও কম সময় লাগে। এতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে।

এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এই সড়ক ব্যবহার করে টাঙ্গাইল, জামালপুর, শেরপুরসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচল করে।

শুধু তাই নয় পদ্মার ওপারের রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, নড়াইলসহ কয়েকটি জেলায় চলাচলের পথ সুগম হয়।

অপরদিকে, প্রতিদিন শতশত সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনগুলো টাঙ্গাইল-আরিচা-পাটুরিয়া এলাকায় চলাচল করে।

এত গুরুত্বপূর্ণ সড়কের বেইলি ব্রিজের স্টিলের পাটাতন ক্ষয় হয়ে নাজুক অবস্থার মধ্যেও ঝুঁকি নিয়ে প্রতিদিনই যানবাহন চলাচল করছিল।

যদিও ওই ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল নিষেধ থাকলেও তা উপেক্ষা করেই প্রতিদিন চলাচল করছে শত শত ভারি যানবাহন। তবে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, গত বছরের ২৩ আগস্ট বালু ভর্তি ট্রাক পারাপারের সময় পাটাতন ভেঙে ব্রিজের মাঝখানেই আটকে ছিল। এরপর অবার ১৭ সেপ্টেম্বর ওই ব্রিজেই দূর্ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বেইলি ব্রিজটির সেই একই স্থানে আবারও দূর্ঘটনা ঘটেছে। ব্রিজটির বিভিন্ন স্থানে ভাঙার কারণে গত কয়েক বছরে ঘটে যাওয়া ছোট বড় দূর্ঘটনায় এ পর্যন্ত কয়েকশ মানুষ আহত হয়েছেন। অনেকেই পঙ্গুত্বও বরণ করেছেন। দ্রুত ব্রিজটি মেরামত ও স্থায়ি ব্রিজ স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

ভাদ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী বলেন, এই অঞ্চলের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই ব্রিজ। গত বছর কয়েকবার রিপিয়ারিং করা হয়েছে। তবে কাজের মান ভালো হয়নি। এরপরও মানুষ উপায় না পেয়েই ব্রিজটি দিয়ে চলাচল করে। এর মধ্যেই বেইলি ব্রিজটিতে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। এই মুহুর্তে ব্রিজটি ভালো করে সংস্কার না করলে যে কোনো সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওহিদুজ্জামান মিলন বলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে মেরামতের বিষয়টি নিশ্চিত হয়েছি। সাময়িকভাবে মানুষ চলাচলের উপযোগী করার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, ব্রিজের উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচলের কারণে ব্রিজটিতে বেশি দুর্ঘটনা ঘটছে। অতি দ্রুতই ক্ষতিগ্রস্থ বেইলি ব্রিজটি মেরামত করা হবে। ওই ব্রিজের স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version