Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল-৪ আসনের সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে বাধা নেই

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দুর্নীতি মামলায় হাইকোর্টে দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তার জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ করে রোববার (১৭ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

এ আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান।

এর আগে গত ৪ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দিয়েছিলেন।

ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদুক। এ আবেদনের শুনানি করে গত ১১ নভেম্বর ১৭ নভেম্বর পর্যন্ত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে দুদকের আবেদনের শুনানির দিন ধার্য করেছিলেন।

দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় এ মামলা করেন। পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগে লতিফ সিদ্দিকীসহ দু’নের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।

মামলার অপর আসামি হলেন-জমির ক্রেতা বগুড়া শহরের কাটনার পাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।

গত ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version