নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দুঃশাসন এবং বঙ্গবন্ধুর খুনি ও ২১ শে গ্রেনেড হামলা মামলার আসামিদের যারা বাঁচাতে চেয়েছে তাদের বিরুদ্ধে ১০ ডিসেম্বর খেলা হবে।
সোমবার (৭ নভেম্বর) বিকালে টাঙ্গাইল জেলা আয়োজিত মাঠে আয়োজিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন- আপনারা খালেদা জিয়াকে মুক্ত করবেন বলছেন। তিনি তো মুক্তই। তাকে নিয়ে তো একটা মিছিলও করতে পারেননি আপনারা। খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি কইরেন না, বেশিও বুইঝেন না।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান মুচলেকা দিয়ে গেছেন যে তিনি রাজনীতি করবেন না। তারপর তিনি লন্ডনে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজনীতি চালাচ্ছেন। ডিসেম্বরে তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে।
তিনি আরও বলেন, পালানোর দল আওয়ামী লীগ নয়, বিএনপি। বিএনপির আমলে মানুষ ঘরে থাকতে পারেনি। এখন মানুষ শান্তিতে থাকতে পারে। বাঁশের লাঠিতে জাতীয় পতাকা লাগিয়ে রাস্তায় নামবেন তা হবে না।
বিএনপির চলমান বিভাগীয় সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বরিশাল ও রংপুরে বস্তা বস্তা টাকা নিয়ে মানুষ নিয়ে গেছেন। দশ লাখ মানুষের কথা বলেন। অথচ সমাবেশে তো দেখেছি আপনাদের চেয়ার ফাঁকা থাকে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিশেষ বক্তা ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম।
এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোহের এমপি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।