নিউজ টাঙ্গাইল ডেস্কঃ :ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ফিরছে মানুষ। তবে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ নেই। স্বাভাবিক সময়ের মতই গন্তব্যে ফিরতে পারছে মানুষ। এতে স্বস্তিতে গন্তব্যে ফিরতে পারছে মানুষ।
এ দিকে মহাসড়কে পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী, নাটোর, পাবনাসহ দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। যাত্রীদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। রোববার (১৬ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, শনিবার (১৫ মে) সকাল ৬ টা থেকে রোববার (১৬ মে) সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় সেতুর উপর দিয়ে ২০ হাজার ৯১৭ টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় করা হয়েছে ৮২ লাখ ২২ হাজার ৫৮০ টাকা। এর আগে বুধবার (১২ মে) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক ৫২ হাজার ৭৫৩ টি যানবাহন পারাপার হয়েছে।
টোল আদায় করা হয়েছে দুই কোটি ৯৯ লাখ টাকা। তার আগের দিন মঙ্গলবার (১১ মে) সকাল ৬টা থেকে বুধবার (১২ মে) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক ৫১ হাজার ৯৪২ টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় করা হয়েছে দুই কোটি ৭৩ লাখ টাকা। স্বাভাবিক সময়ে এই সেতুর উপর দিয়ে ১১/১২ হাজার যানবাহন পারাপার হয়।
প্রাইভেটকার চালক আল আমিন বলেন, আগে ঢাকা থেকে টাঙ্গাইল আসতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগতো। আজকে ঢাকা থেকে টাঙ্গাইল আসতে সোয়া এক ঘন্টা সময় লেগেছে। ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ কম। তাই কোথাও কোন যানজট বা গাড়ি চাপ দেখা যায়নি। এক টানে টাঙ্গাইল এসেছি।
দিনাজপুর গামী যাত্রী রুবেল মিয়া বলেন, আগে যেতে ৪/৫ শ টাকা খরচ হলেও আজকে ১২ শ টাকা দিয়ে যেতে হচ্ছে। অন্য ঈদে দ্বিগুণ ভাড়া নিলেও মহাসড়কে গণপরিবহন না থাকায় দ্বিগুণের বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।
বগুড়াগামী বাস চালক মির্জা শাহাদত বলেন, রোযার মধ্যে তেমন কামাই করতে পারিনি। ধার করে ঈদ করতে হয়েছে। তাই ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে বের হয়েছি। অবশ্য একটি মামলাও খেয়েছি। তবে যাত্রীর সংখ্যা খুই কম।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে তেমন যানবাহনের চাপ নেই। সকাল থেকে কোথাও যানবাহনের ঝটলা বা ধীর গতি দেখা যায়নি। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। দূরপাল্লার বাসকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেক বাসের চালক একাধিক মামলা খাওয়ার পরও মহাসড়কে দূরপাল্লার বাস নিয়ে বের হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 