Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুভর্তি ট্রাক ছিনতাই

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ব্রিজের পাশ থেকে গরুভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে। শান শাইন ডেইরি অ্যান্ড ক্যাটল এগ্রোর ম্যানেজার শহিদুল ইসলাম শহিদ এ মামলা করেন।

পুলিশ ও এগ্রোর কর্মচারীরা জানান, গত রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানার কাতুলী বাজার থেকে ছয়টি গরু ক্রয় করেন ম্যানেজার শহিদুল ইসলাম শহিদ। পরে একটি পিকআপ ভ্যানে করে ঢাকার দক্ষিণখানে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি পিকআপ ও একটি কাভার্ডভ্যান গরুভর্তি ট্রাকের গতিরোধ করে।

পরে দুটি প্রাইভেটকার থেকে ৭-৮ জন মাস্ক ও হাফ প্যান্ট পরা লোক ট্রাকচালক মিলন, হেলপার রোকনুজ্জামান, ফার্মের ম্যানেজার শহিদুল ইসলাম শহিদ ও কর্মচারী জাবেদ মিয়াকে নামিয়ে মারধর করে।

পরে তাদের হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি নামক এলাকায় ফেলে রেখে চলে যায়। ওই সময় গরুভর্তি ট্রাকটি ছিনতাইকারীরা নিয়ে চলে যায়। আধঘণ্টা পর টহল পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ম্যানেজার শহিদুল ইসলাম শহিদ বলেন, ঢাকায় ফেরার পথে ছিনতাইকারীরা আমাদের চারটি মোবাইল সেট, নগদ কিছু টাকা ও ক্রয়কৃত ৬টি গরু যার ক্রয়মূল্য তিন লাখ ২৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলার পর থেকেই গরু ও ট্রাক উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version