Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর এলাকা পর্যন্ত ২০ কি.মি এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত খানাখন্দের সৃষ্টি হওয়ায় রবিবার সকাল থেকে এ পরিস্থিতি বলে জানিয়েছে পুলিশ। এতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৪ কিলোমিটার অংশ পাড়ি দিতে তিন থেকে চার ঘন্টা সময় লাগছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা।

সরেজমিনে দেখা যায়, রবিবার সকাল ১১ টায় এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গগামী লেনে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে মহসড়কে যানজট থাকায় আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাচল করছে অনেক যানবাহন। অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা-ভূঞাপুর সড়ক লিংক রোডে তৈরি হচ্ছে গাড়ির জটলা।

এ বিষয়ে ঢাকাগামী ট্রাক চালক জব্বার মিয়া জানান, বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত আসতেই প্রায় তিন ঘন্টা সময় লেগেছে। স্বাভাবিক সময়ে যা সর্বোচ্চ ১০ থেকে ১২ মিনিটে যাতায়াত করা যায় এ দুরত্ব। যানজটের কারণে আমাদের খুব ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ প্রসঙ্গে এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে সৃষ্ট খানাখন্দে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এছাড়া অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে। সেতু দিয়ে টোল আদায় দুই দফা বন্ধ রাখা হয়েছিল।

এছাড়া গত রাত থেকে বৃষ্টির কারণে মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে। রবিবার ভোর থেকে যানবাহনের চাপ বাড়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। বিকেল নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version