- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ যাত্রী। শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি মহাসড়কের গোড়াই হাইওয়ে থানা পুলিশ। তবে, আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সুত্র জানিয়েছেন।
এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষ। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। পরিচয় বের করে আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে, আহতদের চিকিৎসা চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

