Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

তবে কি সিনেমায় নতুন কাউকে নিয়ে জুটি বাঁধছেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ভক্ত দেশজুড়ে। শহর থেকে বন্দর, সদর থেকে গ্রাম সবখানেই তার পরিচিতি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি তার সিনেমার ভক্ত। তাদের জন্যই একটি সুখবর দিলেন শাকিব। নতুন সিনেমার কাজ শুরু করছেন তিনি।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন শাকিব খান। সেখানে তার সঙ্গে নির্মাতা রায়হান রাফীকেও দেখা যাচ্ছে। যদিও শাকিব ক্যাপশনেই উল্লেখ করে দিয়েছেন সিনেমাটি নির্মাণ করবেন ‘পরাণ’ খ্যাত এই নির্মাতা।

তবে নায়িকার নাম এখনও না বলায় আলোচনা চলছে বেশ। অনেক ভক্ত তো প্রশ্নই করে ফেলেছেন কে হতে যাচ্ছেন শাকিব খানের পরবর্তী নায়িকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া গেল নতুন তথ্য।

সন্ধ্যার পর বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, শাকিবকে নিয়ে রাফির এ সিনেমার নাম ‘প্রেমিক’। এ বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হবে শুটিং।

তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে এ সিনেমায় নায়িকা হিসেবে তানজিন তিশার নাম উঠে এসেছে। তবে এতদিন ধরে অনেকেই ভেবেছিলেন এই সিনেমায় বুবলী বা পূজা চেরীকে দেখা যেতে পারে। কিন্তু সূত্র বলছে, তানজিন তিশাই হতে যাচ্ছেন শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা।

সূত্র থেকে পাওয়া এ খবরের সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হলে কেউই আসলে এখন নায়িকা নিয়ে কিছু বলেননি। সময় হলে সবাইকে জানিয়েই তারা শুটিং করতে যাবেন। আপাতত চমক হিসেই বিষয়টি রেখেছেন তারা। তাই ভক্তদের আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে।

এর আগে শাকিব খান ভেরিফাইড ফেসবুকে বিষয়টি জানান দেন। তিনি লেখেন, ‘আসছে নতুন কাজ’। পরিচালনায় রায়হান রাফী। সিনেমাটি তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের পাশাপাশি প্রযোজনা করবে বিগ স্ক্রিন।

প্রসঙ্গত, ঢালিপাড়ার রোমান্টিক জুটি শাকিব-বুবলী। তাদের কেমিস্ট্রি বরাবরই নজরকাড়া। ফের পর্দা কাঁপাতে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা।

শনিবার (১ অক্টোবর) সকাল থেকেই সিনেমাটির একটি গানের শুটিং করেছেন শাকিব-বুবলী। দেলোয়ার হোসেন দিলের গল্পে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version