Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

তামিমের ভিসা জটিলতা কেটেছে

News Tangail
তামিম ইকবালের ভিসা জটিলতার অবসান হয়েছে। আজ রাত একটায় দুবাই রওনা হচ্ছেন তিনি। খেলবেন প্রথম ম্যাচ থেকেই।

গত কাল দুপুরেও যে দুশ্চিন্তায় ছিলেন, সেটির সমাধান সন্ধ্যায় হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ভিসা অবশেষে পেয়েছেন তামিম ইকবাল। আজ রাত ১টায় দুবাইয়ে রওনা দেবেন, নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বাঁ–হাতি ওপেনার।
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল দুবাইয়ে পৌঁছে গেছে গত পরশু। ভিসা জটিলতায় আটকে পড়ায় দলের সঙ্গে যেতে পারেননি তামিম ও রুবেল হোসেন। কাল রাতে রুবেলের ভিসা হয়েছে, সন্ধ্যায় রওনাও হয়ে গেছেন। দেরি হচ্ছিল তামিমের। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটা যথেষ্ট প্রস্তুতি নিয়ে খেলতে পারবেন কি না, সেটি নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলেন বাঁ–হাতি ওপেনার। আপাতত স্বস্তি তামিমের, হাতে তিন দিন সময় অন্তত পাচ্ছেন দুবাইয়ের কন্ডিশনে মানিয়ে নিতে।

যেতে দেরি হওয়ায় তামিম অবশ্য ব্যক্তিগত উদ্যোগে ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছিলেন। আজ দুপুরেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছেন। তাঁর স্বচ্ছন্দ ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে চোট পাওয়া আঙুল অনেকটা সেরে উঠেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version