ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস দুটির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে আনা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি তূর্ণা নিশীথাকে সাইড দিচ্ছিলো। ওই সময় উদয়ন ট্রেনের অর্ধেক বগি অন্য লাইনে ঢোকার পর বাকি বগিগুলোতে তূর্ণা নিশীথা ধাক্কা দেয়। এতে দুটি বগি দুমড়ে-মুচড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্দভাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নীশিতা এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। দুইটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরও মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের উদ্ধারে স্থানীয়রাসহ পুলিশ, ফায়ার সার্ভিস, রেলওয়ে ও সেনাবাহিনী কর্তৃপক্ষ উদ্ধারকাজ করছে।
দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
