নিজস্ব প্রতিবেদক: আওয়ামী যুবলীগের সম্মেলনে দলের কোন পদ-পদবী না পেয়ে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য আওয়ামী লীগের রাজনীতি ও দলের সকল কার্যক্রম ত্যাগ করলেন এক যুবলীগ নেতা। শুধু তাই নয়, তার ব্যবহত মোটরসাইকেল ও দোকানের সামনেও দুধ ছিটান। রাজনীতি থেকে চির বিদায় ও না করার প্রতিজ্ঞা করে এমনি এক কাণ্ড ঘটিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের যুবলীগ নেতা সানোয়ার হোসেন।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাটিয়ার হাট বাজারে তিনি দুধ দিয়ে গোসল করেন।গোসলের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) আপলোড হলে তা মূহুর্তেই ভাইরাল হয়। এরপর যুবলীগ নেতা সানোয়ারের দুধ দিয়ব গোসল করার এমন ভিডিওটির বিষয়ে নানা মহলে বইছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়!।
দুধ দিয়ে গোসল করার সময় ক্ষুব্ধ সানোয়ার হোসেন বলেন, আমি আওয়ামী লীগের এই দুর্নীতিগ্রস্ত দল থেকে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের কোনো রাজনীতি বা দলের কোনো কার্যক্রমে ও কোনো নেতার সাথে থাকব না। আমি কান ধরে উঠবস করছি। আওয়ামী লীগের রাজনীতির কোনো অনুষ্ঠানে যাব না। কারণ ওরা হল পাপিষ্ঠ। মরার আগে আমি আওয়ামী লীগের হয়ে মরতে চাই না। আমি মুসলমান, কালেমা পড়ে মরতে চাই। এই জালেমদের হাত থেকে বাঁচতে চাই।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে ৩ জন সভাপতি পদে এবং ৩ জন সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। আহবায়ক কমিটিতে ব্যবসায়ী সানোয়ার হোসেনও একজন সভাপতি প্রার্থী ছিলেন। পরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ- যুবলীগের নেতারা একটি আহবায়ক কমিটি গঠন করেন।
এসময় আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক করা হয় রোমান সরকারকে এবং যুগ্ম আহবায়ক করা হয় সুরুজ আলমকে। এছাড়া সেখানে কার্যকরী নির্বাহী সদস্য-১ নম্বরে রাখা হয় সানোয়ার হোসেনকে। এতে ক্ষুব্ধ হয়ে সানোয়ার স্থানীয় খাটিয়া বাজারে দুধ দিয়ে গোসল করেন। এ সময় সানোয়ার হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলও দুধ দিয়ে ভেজান এবং দুধ দোকানও ছিটান।
এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ সিকদার বলেন, সানোয়ার হেসেন ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তবে দলের কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য সাংগঠনিকভাবে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সিদ্ধান্তই চূড়ান্ত। সানোয়ার হোসেন দল থেকে মৌখিকভাবে পদত্যাগ করেছেন শুনেছি। তবে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত যার যার ব্যক্তিগত। এছাড়াও মূলত তিনি ওই বাজারের একজন দোকানদার।
প্রসঙ্গত, এরআগে ২০১৮ সালে মে মাসে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ১৪৯ ভোটে পরাজিত হয়ে ক্ষোভ-দুঃখে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে চিরবিদায় ও ভবিষ্যতে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন উপজেলার অলোয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রহিজ উদ্দিন আকন্দ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
